দেশ ও জাতির শান্তি, মঙ্গল এবং কলিযুগের জীবের দুঃখ মোচনের প্রত্যাশায় ৪২তম ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ৪ ও ৫ এপ্রিল ২০২৬ তারিখে যশোরের খাজুরা বাজার কালীবাড়ি প্রাঙ্গণে অবস্থিত শ্রী শ্রী বৈদিক মন্দির খাজুরা বাজার কালীবাড়ি-এ এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রী গোবিন্দের চরণ লাভের ঐশী প্রত্যাশায় এই যজ্ঞের আয়োজন করা হয়েছে, যেখানে ভক্তবৃন্দকে নামসংকীর্তনে অংশগ্রহণের মাধ্যমে আধ্যাত্মিক শান্তি লাভের আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত আলোচনা ও গোবিন্দ সেবায় অংশ নেবেন শ্রীমৎ প্রদীপ গোস্বামী, যিনি বৈষ্ণব দর্শন ও ব্যাকরণতীর্থ হিসেবে পরিচিত। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তন সম্প্রদায় মহানাম পরিবেশন করবেন।
অংশগ্রহণকারী সম্প্রদায়ের মধ্যে রয়েছে—শিব মন্দির সম্প্রদায় (পাংশা রাজবাড়ী), রাজধানী সম্প্রদায় (মাগুরা), শ্রী কৃষ্ণ কীর্তন সম্প্রদায় (কুষ্টিয়া), প্রভু ভক্ত সম্প্রদায় (যশোর), সোনার গৌর সম্প্রদায় (রংপুর), রাধা কৃষ্ণ সম্প্রদায় (বাঘারপাড়া, যশোর) এবং জয় মা সম্প্রদায় (খাজুরা বাজার, যশোর)।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগত ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে এবং মহানাম যজ্ঞানুষ্ঠান সফল করতে ভক্তদের দান সাদরে গ্রহণ করা হবে।এই আয়োজনের মাধ্যমে ভক্তদের ঐক্যবদ্ধ হয়ে ভগবানের নামস্মরণ ও সংকীর্তনের মাধ্যমে আত্মিক উন্নতি সাধনের আহ্বান জানানো হয়েছে।
ডিএমএন/