জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের জন্য ২ লাখ ৩৫ হাজার টাকার উপহার প্রদান করেছে সনাতন বিদ্যার্থী সংসদ–বাংলাদেশ। সংগঠনের পক্ষ থেকে শিবলিঙ্গসহ বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয় ও নগদ অর্থ প্রদান করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, মোট অনুদানের মধ্যে ১ লাখ ৫২ হাজার টাকা মূল্যের শিবলিঙ্গ এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে ১ লাখ ৯৫ হাজার টাকার সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে। পাশাপাশি মন্দিরের উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ৪০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
প্রাথমিকভাবে ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শিবলিঙ্গ স্থাপনের পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে শিবলিঙ্গ স্থাপন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ শিবরাত্রি উপলক্ষে নবপ্রতিষ্ঠিত শিবলিঙ্গে পূজা আয়োজন করা সম্ভব হবে।
শিবলিঙ্গ ক্রয় সংক্রান্ত সময়কালে উপস্থিত ছিলেন এসভিএস জবি শাখার সাবেক সভাপতি শ্রী অঙ্কন কর্মকার এবং বর্তমান সভাপতি শ্রী সুমন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এসভিএস বাংলাদেশ কেন্দ্রীয় মন্দিরের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করেছিল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনুদান উত্তোলন, শিবলিঙ্গ ক্রয় এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক কার্যক্রমে সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেছেন। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের জন্য শিবলিঙ্গ প্রদানে সহযোগিতা করা সকল শুভানুধ্যায়ী ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ডিএমএন/