ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়ায় বিপুল কুমার মন্ডল (৬০) নামে এক হিন্দু ব্যক্তিকে কু/পি/য়ে ও মারধর করে গুরুতর জ/খ/ম করার অভিযোগ উঠেছে। আহত বিপুল কুমার স্থানীয় পূজা উদযাপন পরিষদের একজন নেতা বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিপুল কুমার মন্ডল ৫ নম্বর সিমলা-রোকনপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগীর অভিযোগ, একই গ্রামের সেলিম হোসেন ও মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
বিপুল কুমার মন্ডল জানান, ঘটনার দিন সকালে তিনি বাড়ির অদূরে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় অভিযুক্তরা দা ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর ও কু/পি/য়ে গুরুতর জ/খ/ম করে বলে অভিযোগ করেন তিনি।
তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ বলেন, “একজন নিরীহ ব্যক্তির ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।