কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ২০ থেকে ২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ কবির। পরিদর্শন শেষে তিনি রাস্তার ওপর নির্মিত বাঁশের বেড়া অপসারণের উদ্যোগ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের কয়েকটি হিন্দু পরিবারের একমাত্র চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। এতে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন আসিফ কবির। পরে তাদের চলাচলের সুবিধার্থে রাস্তার ওপর দেওয়া বাঁশের বেড়াটি সরিয়ে দেওয়া হয়। এতে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির সাময়িক অবসান ঘটে।
এ সময় দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিসুল ইসলাম, স্থানীয় নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাস্তা বন্ধ থাকায় দৈনন্দিন চলাচল, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং জরুরি প্রয়োজনে বের হওয়াও কঠিন হয়ে পড়েছিল। বেড়া অপসারণের ফলে তারা আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন।
আসিফ কবির বলেন, “মানুষের চলাচলের রাস্তা কোনোভাবেই বন্ধ করে রাখা উচিত নয়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি এবং বন্ধ রাস্তার বেড়া সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। কোনো বিরোধ থাকলে তা আইনগত ও শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত।”
তবে স্থানীয়দের দাবি, সাময়িকভাবে রাস্তা উন্মুক্ত হলেও বিরোধের স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ডিএমএন/