দোল পূর্ণিমা উপলক্ষে সারা দেশে ৫০১ তুলসী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা গীতা কর্মবীর সংঘ বাংলাদেশের

Spread the love

পবিত্র দোল পূর্ণিমা উপলক্ষে সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছে গীতা কর্মবীর সংঘ বাংলাদেশ। সংগঠনটির প্রতিষ্ঠাতা পলক দাস আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা শেষে তিনি বলেন, দোল পূর্ণিমা এমন এক পবিত্র তিথি, যা ভক্তি, প্রেম, সৌহার্দ্য ও ন্যায়ের জয়ের বার্তা বহন করে। এই দিনটি রাধা ও শ্রীকৃষ্ণ-এর অমলিন প্রেমের উৎসব হিসেবে পালিত হয়। একই সঙ্গে এ দিনেই আবির্ভূত হন শ্রীচৈতন্য মহাপ্রভু, যিনি মানবতার সেবা ও ভক্তির মাধ্যমে সমাজকে আলোকিত করার শিক্ষা দিয়েছেন।

পলক দাস বলেন, আমাদের শাস্ত্রে বৃক্ষকে দেবতুল্য বলা হয়েছে। বট, অশ্বত্থ ও তুলসীসহ প্রতিটি বৃক্ষই আমাদের সংস্কৃতিতে পূজনীয়। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধি পাওয়ায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি।

তিনি দেশের প্রতিটি মন্দির, আশ্রম ও পরিবারকে আহ্বান জানিয়ে বলেন, “এই দোল পূর্ণিমায় অন্তত একটি করে বৃক্ষ রোপণ করুন। শিশু-কিশোরদেরও এই মহৎ উদ্যোগে সম্পৃক্ত করুন, যাতে তারা ছোটবেলা থেকেই প্রকৃতিকে ভালোবাসতে শেখে।”তিনি আরও বলেন, “প্রতিটি চারা গাছ রোপণ মানে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নির্মল পৃথিবী গড়ে তোলা। আসুন, রঙের এই উৎসবকে আমরা সবুজের উৎসবে পরিণত করি।”

শেষে তিনি পরমেশ্বরের কাছে কর্মসূচির সফলতা কামনা করেন এবং সকলকে দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানান।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *