নিজস্ব প্রতিবেদক: আনন্দ চন্দ্র শীল
চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার এলাকায় গরু লুটে বাধা দেওয়ায় সশস্ত্র ডাকাতদের গুলিতে চন্দন কুমার দে (৭০) নামে এক হিন্দু বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া, জোয়ারা হিন্দু পাড়া ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি মাইক্রোবাসে করে ৫ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে পাশের একটি বাড়ির গোয়ালঘরে হানা দিয়ে দুটি গরু ট্রাকে তোলে। পরে চন্দন কুমার দের গোয়ালঘরের টিনের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে গরু বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় চন্দন দে বিষয়টি টের পেয়ে বাধা দিতে গেলে ডাকাতরা তাকে ঘর থেকে বের না হওয়ার জন্য হুমকি দেয়। এরপর তার গোয়ালঘর থেকে তিনটি গরু গাড়িতে তুলে নেয়।
গাড়ি চলে যাওয়ার শব্দ পেয়ে চন্দন দে বাইরে বের হলে দেখেন, দুইজন ডাকাত তখনও গোয়ালঘরের আশপাশে অবস্থান করছে। তিনি চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করলে ডাকাতরা তার স্ত্রীর সামনেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ডাকাতরা দ্রুত এলাকা ত্যাগ করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডিএমএন/