বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ধর্মান্তরিত হওয়ার কিছু ঘটনার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। বিশেষ করে অভিযোগ উঠেছে, কিছু ক্ষেত্রে হিন্দু মেয়েদের প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রলোভন বা চাপ প্রয়োগ করে ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম বা ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে অনেক সময় কিছু যুবক হিন্দু মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ে বা ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রলোভন দেখিয়ে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমন কিছু ঘটনার পর পরিবারগুলো উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন।
কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, এ ধরনের অভিযোগ সমাজে অস্থিরতা তৈরি করতে পারে এবং সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, ধর্মান্তর বা বিয়ে সংক্রান্ত যেকোনো অভিযোগ তদন্ত সাপেক্ষে দেখা হয়। যদি জোরপূর্বক বা প্রতারণার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মানবাধিকার কর্মীরা মনে করেন, ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার হলেও প্রতারণা, জোরপূর্বক চাপ বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তর ঘটানো আইন ও মানবাধিকারের পরিপন্থী। তাই এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হচ্ছে।
ডিএমএন/