ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি পুরোহিত-যাজকদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন তারেক রহমান

Spread the love

ঈদের আগে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৪ মার্চ সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, মাসিক ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।

এছাড়া প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত পাবেন ৩ হাজার টাকা।

প্রতিটি বৌদ্ধ বিহারের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে বিহার অধ্যক্ষ ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা করে পাবেন।

অন্যদিকে প্রতিটি চার্চের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা করে পাবেন।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *