রাঙামাটির লংগদু থেকে ফাঁদে কুকুর শিকার, বরকল হয়ে মিজোরামে পাচারের অভিযোগ

Spread the love

রাঙামাটি জেলার লংগদু উপজেলা থেকে ফাঁদ পেতে বেওয়ারিশ কুকুর শিকার করে নৌপথে বরকল হয়ে ভারতে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বসন্ত উৎসবকে সামনে রেখে এসব কুকুর ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর প্রশাসনের নজরে এসেছে।স্থানীয় সূত্র জানায়, শিকার করা কুকুরগুলো নৌকাযোগে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে বরকল উপজেলায় নেওয়া হয়। সেখান থেকে সীমান্ত পেরিয়ে পাচার করা হয় ভারতের মিজোরাম রাজ্যে।জানা গেছে, মূলত মিজোরামের জনপ্রিয় বসন্ত উৎসব চাপচার কুট-কে সামনে রেখে কুকুর শিকার বৃদ্ধি পায়।

মার্চ মাসে অনুষ্ঠিত এ উৎসবকে ঘিরে সেখানে কুকুরের মাংসের চাহিদা বাড়ে। সেই চাহিদাকে কেন্দ্র করে সুযোগসন্ধানীরা কুকুর পাচারে জড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।আকারভেদে প্রতিটি কুকুর ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলেও জানা গেছে।

তবে ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইন অনুযায়ী বাংলাদেশে মালিকবিহীন কুকুর বা অন্য কোনো প্রাণী শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। একইভাবে মিজোরাম রাজ্যেও ২০২০ সালে সংশোধিত আইনের মাধ্যমে কুকুর জবাই ও ভক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে কয়েকজন শিকারি দাবি করেন, তারা বরকল উপজেলা থেকে এসেছেন এবং মাংস খাওয়ার উদ্দেশ্যেই কুকুর শিকার করেছেন।

এ বিষয়ে রাঙামাটি জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা বলেন, বসন্ত উৎসবকে কেন্দ্র করে কুকুর শিকার বাড়তে পারে। তবে বিষয়টি জনস্বাস্থ্য ও আইনের দৃষ্টিতে উদ্বেগজনক।

একই দপ্তরের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম চৌধুরী জানান, প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারা অনুযায়ী মালিকবিহীন কুকুর হত্যা বা অপসারণ শাস্তিযোগ্য অপরাধ।

তিনি বলেন, বেওয়ারিশ কুকুর জলাতঙ্কসহ বিভিন্ন রোগ বহন করতে পারে। এসব কুকুরের মাংস খাওয়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া কোনো এলাকায় টিকাদানকৃত কুকুর অপসারণ করলে সেখানে টিকাবিহীন কুকুরের প্রবেশের ঝুঁকি তৈরি হয়, যা রোগ সংক্রমণের সম্ভাবনা বাড়ায়।দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে কুকুরের মাংস খাওয়ার প্রচলন থাকলেও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ অভ্যাস পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *