নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার বসুরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।আটকরা হচ্ছেন— উপজেলার মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের শামসুল হকের ছেলে সিরাজুল হক মঞ্জু (৩৫), একই গ্রামের মনির আহমদের ছেলে হুমায়ুন কবির (৪০), মোহাম্মদ নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), চর হাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সফি উল্লার ছেলে শরিয়ত উল্যাহ মিলন (৪৫) ও একই ওয়ার্ডের আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।পুলিশ জানায়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, আটকরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমএন/