কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে কুষ্টিয়া স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে সিএনজিচালক ও দুই যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বাইপাস সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত দুইটি যানবাহন জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএমএন/