বরিশাল প্রতিনিধি | দেবালয় মিডিয়া নিউজ
বরিশালের মুলাদী উপজেলায় জৈতিমনি (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে মুলাদী পৌরসদরের বেইলিব্রিজ (নগর) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জৈতিমনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ী গ্রামের মৃত রিপন রায়ের মেয়ে। তার মা ঝুমা সরকার মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জৈতিমনি একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে কিছুটা দেরিতে বাসায় ফেরে জৈতিমনি। রাত ৯টার দিকে পড়তে না বসে মোবাইল ফোন ব্যবহার করছিল সে। সামনে এসএসসি পরীক্ষা থাকায় মা তাকে মোবাইল রেখে পড়াশোনায় মনোযোগ দিতে বলেন। এতে অভিমান করে জৈতিমনি নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
রাত সাড়ে ৯টার দিকে তাকে খাবারের জন্য ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে রাত ১০টার দিকে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের মা ঝুমা সরকার জানান, জৈতিমনি তার বাবা রিপন রায়কে অত্যন্ত ভালোবাসত। বাবার মৃত্যুর পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। সাম্প্রতিক সময়ে সে প্রায়ই বাবার কাছে চলে যাওয়ার কথা বলছিল।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করেই ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।