আনোয়ারায় লোকনাথ সেবাশ্রমে গভীর রাতে চুরি, মন্দিরের তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট

Spread the love

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গুজরা সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পূজার কাজে ব্যবহৃত পিতলের ঘট, কাঁসা-পিতলের সামগ্রীসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা মন্দিরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। সকালে মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় ভক্তরা মন্দিরে এসে প্রধান ফটক ও কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে বিভিন্ন প্রয়োজনীয় ও মূল্যবান সামগ্রী নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হন।

মন্দির সংশ্লিষ্টরা জানান, চুরি হওয়া সামগ্রীর মধ্যে পূজা-অর্চনায় ব্যবহৃত পিতলের ঘট, কাঁসা-পিতলের বিভিন্ন উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় ধর্মীয় সামগ্রী রয়েছে। ঘটনার পর মন্দির প্রাঙ্গণে ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে।

এ ঘটনায় স্থানীয় সনাতনী সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের চুরির ঘটনা শুধু সম্পদের ক্ষতিই নয়, বরং ধর্মীয় অনুভূতির সঙ্গেও জড়িত। তাই ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সনাতনী জনগণ ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *