খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা অর্পনা ধরের মর্মান্তিক মৃত্যু

Spread the love

খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর (৪০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অর্পনা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা এবং অপু ধরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অর্পনা ধর ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তার পরিহিত ওড়না হঠাৎ অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নাটি তার গলায় শক্তভাবে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন শিক্ষিকার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিক্ষিকার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *