চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে এক হিন্দু ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং শারীরিকভাবে আক্রমণ করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী গৌতম চৌধুরী (৪৬) মঙ্গলবার (৯ জুন) রাতে বোয়ালখালী থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গৌতম চৌধুরী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে “লোকনাথ ক্লথ স্টোর” নামে একটি কাপড়ের ব্যবসা পরিচালনা করেন। পাশাপাশি তিনি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবেও কাজ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। গাড়ি থেকে নেমে সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে দুই যুবক তার পথরোধ করে।
একপর্যায়ে হামলাকারীরা তার মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারে এবং ভারী বস্তু দিয়ে আঘাত করে। পরে তার কাছে থাকা প্রায় ৩০ হাজার টাকা নগদ অর্থ এবং আনুমানিক ১৮ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর ধারণা, হামলাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাস্তার পাশের ঝোপে ওত পেতে ছিল। তাদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
ঘটনার পর গৌতম চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে এই পথেই চলাচল করছি। কিন্তু এমন ঘটনার পর এখন নিজ এলাকাতেই নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমএন/