সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে হাউসবোটের চলন্ত ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল প্রায় ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌমাতা সরকার নিঝুম সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার-এর কন্যা। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামে।পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘ভ্রমণশৈলী’ নামের একটি হাউসবোট নির্মাণের পর প্রথমবারের মতো টাঙ্গুয়ার হাওরে যাত্রা করে। বোটটিতে মালিকপক্ষের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ভ্রমণে অংশ নেন। পর্যবেক্ষণ টাওয়ার এলাকা ঘুরে দেখার পর বিকেলে হাউসবোটটি সীমান্তবর্তী নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা হয়।
এ সময় সৌমাতা সরকার নিঝুম বোটের পেছনের অংশ থেকে সামনের দিকে যাওয়ার সময় অসাবধানতাবশত চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে যায়। ঘটনাটি বুঝতে পেরে বোটে থাকা লোকজন দ্রুত ইঞ্জিন বন্ধ করে তাকে উদ্ধার করেন। তবে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাউসবোটের মালিক পংকজ রায় জানান, এটি ছিল তাদের হাউসবোটের প্রথম ভ্রমণ। পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে হাওর ভ্রমণে বের হলেও মুহূর্তেই তা শোকে পরিণত হয়। দুর্ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, “আমার স্ত্রী ও দুই মেয়ে আত্মীয়দের সঙ্গে হাওর ভ্রমণে গিয়েছিল। কিন্তু একটি দুর্ঘটনা আমার আদরের মেয়েকে চিরদিনের জন্য কেড়ে নিল। এই শোক কোনোভাবেই প্রকাশ করার মতো নয়।”
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হাওর ভ্রমণের সময় দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।