মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মসজিদে একাধিক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। New York Post-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, নিউইয়র্ক নগরের জ্যামাইকা এলাকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে এই ঘটনাগুলো ঘটে। অভিযোগ রয়েছে, গত ২১ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মসজিদের ভেতরে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত। একই ধরনের আরেকটি ঘটনা ঘটে ২৭ এপ্রিল সন্ধ্যায়, যেখানে আরেক ১০ বছর বয়সী শিশুকেও একইভাবে হয়রানির শিকার হতে হয়।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যেই গত বুধবার রাতে তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
তবে আদালত তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো গুরুতর মোট ১২টি অভিযোগ আমলে নিয়েছেন। আদালত তার জামিন ২৫ হাজার ডলার নগদ বা সমপরিমাণ বন্ড নির্ধারণ করেন। পাশাপাশি জামিনে মুক্ত থাকাকালীন ভুক্তভোগী শিশুদের থেকে সম্পূর্ণ দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
New York Police Department জানায়, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও ভুক্তভোগী থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জ্যাকসন হাইটস এলাকার বাসিন্দা রিমন ইসলাম বলেন, এমন ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
ডিএমএন/