নিখোঁজের ৭ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায়

Spread the love

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল প্রশিক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রামে যান তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার মোবাইলে যোগাযোগ ছিল। সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান, তিনি টমছমব্রিজ চৌরাস্তা এলাকায় পৌঁছেছেন।

এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে না পৌঁছালে পরিবারের সদস্যরা ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে শনিবার সকালে তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-তে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডলে কিছুটা রক্তাক্ত অবস্থা দেখা গেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছিল। মরদেহ উদ্ধারের পর তা শনাক্ত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি ঘিরে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *