নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর সহিংসতা, হত্যা, জমি দখল, দেশত্যাগের হুমকি, মন্দিরে হামলা, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের দাবি, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা ধরনের নির্যাতন ও সহিংসতার ঘটনা ঘটছে, যা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে।
সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক এক বিবৃতিতে সকলকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সফল করতে সকলের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
ডিএমএন/