চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগে দেশসেরা মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে পটিয়া সরকারি কলেজের শিক্ষার্থী স্নেহশ্রী চৌধুরী। তার অসাধারণ এই সাফল্যে আনন্দ ও গর্বে ভাসছে পটিয়াবাসী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪৪ হাজার ৩৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৫৫ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি মেধা তালিকায় দ্বিতীয় স্থান (র্যাঙ্ক ২) অধিকার করেছে স্নেহশ্রী।
স্নেহশ্রী চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার বাসিন্দা। নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে সে এই সাফল্য অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তার এই কৃতিত্বে পটিয়া সরকারি কলেজ পরিবারসহ স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। শিক্ষাজীবনের এই উল্লেখযোগ্য অর্জন শুধু তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
স্নেহশ্রীর এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে এবং ভালো ফলাফলের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন স্থানীয়রা।
মেধাবী শিক্ষার্থী স্নেহশ্রী চৌধুরীর প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তার আগামীর শিক্ষাজীবন আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা সবার।