খুলনার রূপসায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে রূপসা উপজেলার সিংহেরচর এলাকার আলম মেম্বারের নদীর ঘাটে মরদেহ দুটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, স্থানীয় বাসিন্দারা সিংহেরচর এলাকায় নদীতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে লাশ দুটি ভেসে ওই এলাকায় এসেছে।
তিনি আরও বলেন, লাশ দুটির মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর এবং অপরজনের বয়স ৪০ থেকে ৪২ বছর হতে পারে। তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে মরদেহ দুটি সেখানে এসেছে, তা জানার চেষ্টা চলছে।