নাটোরের লালপুরে হিন্দু পরিবারগুলোর কাছে চাঁদা দাবি, টাকা না দিলে হত্যার হুমকিসহ চিঠি

Spread the love

নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় হিন্দু পরিবারগুলোকে লক্ষ্য করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা একটি পরিবারের বাড়িতে হুমকিমূলক চিঠি রেখে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেয়। অন্যথায় পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও চিঠিতে হুমকি দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় বৈদ্যনাথ পালের ছেলে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় অজ্ঞাত ব্যক্তিরা চিঠিটি রেখে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল প্রথম চিঠিটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, বিষয়টি কাউকে জানানো যাবে না এবং পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পাঠাতে হবে। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। চিঠিতে একটি বিকাশ নম্বরও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর সেটি অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করে। পুলিশ জানায়, চিঠির উৎস শনাক্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *