বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের লালমনিরহাট জেলা শাখার ৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (১ আগস্ট) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায় প্রিতম এবং সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহার স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতনী ছাত্রসমাজের অধিকার রক্ষা, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ, শিক্ষার্থীদের নেতৃত্ব উন্নয়ন এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে জয় রায় সভাপতি, হিমাংশু রায় প্রতীক সাধারণ সম্পাদক এবং কৃষ্ণ মোহন রায় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের আদর্শে বিশ্বাসী, মেধাবী, কর্মঠ ও নিবেদিতপ্রাণ ছাত্রনেতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “আদর্শ, সংগঠন ও সেবার সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ, দক্ষ ও মানবিক ছাত্রসমাজ গড়ে তোলাই বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের অঙ্গীকার।” তারা আশা প্রকাশ করেন, নবগঠিত জেলা কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তাদের মতে, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি রক্ষা, মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে কাজ করবে।
এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করে লালমনিরহাট জেলায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও কার্যকর ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবগঠিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।
ডিএমএন/