কলাবাগানে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের মরদেহ উদ্ধার

Spread the love

রাজধানীর কলাবাগানের গ্রিন রোড এলাকায় নিজ বাসা থেকে ধীরেন্দ্র কুমার রায় (৭১) নামে নটরডেম কলেজের এক সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার (২৫ আগস্ট) সকালে নিজ বাসার একটি কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাকে কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *