হতদরিদ্র মানুষের মাঝে ১০ টন চাল বিতরণ: মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রী হরিদাস চন্দ্র তরণীদাস

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা এলাকায় মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক ও ধর্মীয় ব্যক্তিত্ব শ্রী হরিদাস চন্দ্র তরণীদাস। পবিত্র রমাদান মাস উপলক্ষে তাঁর ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১০ টন চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের কোমরপুর বাজারের পশ্চিম পাশে অবস্থিত মধ্য রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ীতে অসহায় মানুষের মাঝে ১০ টন চাল বিতরণ করছেন শ্রী হরিদাস চন্দ্র তরণীদাস।
পলাশবাড়ীতে অসহায় মানুষের মাঝে ১০ টন চাল বিতরণ করছেন শ্রী হরিদাস চন্দ্র তরণীদাস।


উদ্যোক্তা শ্রী হরিদাস চন্দ্র তরণীদাস নিজ উদ্যোগে সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। স্থানীয় অসচ্ছল পরিবারগুলোর মাঝে এই সহায়তা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবকেরা সার্বিক সহযোগিতা করেন। পুরো কার্যক্রমে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ।
এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। ব্যক্তিগত অর্থায়নে বৃহৎ পরিসরে খাদ্য সহায়তা প্রদান নিঃসন্দেহে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত।
স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা—আর তার বাস্তব উদাহরণ স্থাপন করেছেন হরিদাস বাবু।
মানবকল্যাণমূলক এই আয়োজন এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *