আজ শুভ দোল পূর্ণিমা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই দিনটি ভক্তি, প্রেম, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে আসে। দেশজুড়ে মন্দিরে মন্দিরে বিশেষ পূজা, আরতি, হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
দোল পূর্ণিমা মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা-এর ঐশ্বরিক প্রেমের স্মরণে উদযাপিত হয়। একই সঙ্গে এই পবিত্র তিথিতে আবির্ভূত হয়েছিলেন মহান বৈষ্ণব সাধক শ্রীচৈতন্য মহাপ্রভু। তাঁর জন্মতিথি হিসেবে দিনটি ‘গৌর পূর্ণিমা’ নামেও পরিচিত।
এদিন ভক্তরা আবির-গুলাল দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন এবং ভক্তিমূলক সংগীত ও কীর্তনের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। অনেক স্থানে নগর কীর্তন ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মন্দিরগুলোতে বিশেষভাবে শ্রীকৃষ্ণের পূজা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আচার পালিত হচ্ছে।
ধর্মীয় গুরুত্বের পাশাপাশি দোল পূর্ণিমা সামাজিক সম্প্রীতিরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উৎসব মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।ভক্তরা বিশ্বাস করেন, এই পবিত্র দিনে ঈশ্বরের নামস্মরণ ও সেবার মাধ্যমে আত্মিক পবিত্রতা লাভ করা যায়।
ডিএমএন/