দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া এলাকায় একটি আমবাগান থেকে রুপালি সরকার (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিরাজ নজরুল হাট (নিতাই বাজার) সংলগ্ন আমবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী দ্রুত পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহত রুপালি সরকার উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং অরুণ সরকারের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে এবং গলা চেপে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।
এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নবাবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
ডিএমএন/