বর্তমান সময়ে বিভিন্ন পূজামণ্ডপ ও সামাজিক অনুষ্ঠানে অপসংস্কৃতির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আত্মপ্রকাশ করেছে নতুন ধর্মীয় সঙ্গীত দল ‘বৈদিক’। সনাতন ধর্মীয় সংগীতকে নতুন মাত্রা দিতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এই ব্যান্ডটি কাজ শুরু করেছে।‘
বৈদিক’ শব্দটির অর্থ হলো বেদ সম্পর্কীয়, বেদবিহিত বা বেদসম্মত। এটি প্রাচীন ভারতীয় বেদ থেকে উদ্ভূত, যা বেদের সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ করে।
ব্যান্ডের প্রতিষ্ঠাতা রবিন দত্ত জানান, “আমরা চাই ধর্মীয় সংগীতের মাধ্যমে মানুষ আনন্দ পাক এবং একই সঙ্গে নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকুক। এতে করে তরুণ প্রজন্ম অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়া থেকে বিরত থাকবে।”
ব্যান্ড সদস্যদের মতে, ভক্তিমূলক সংগীত মানুষের মধ্যে ধর্মের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় গানের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি নিজস্ব সংস্কৃতির প্রতি আকৃষ্ট করাই তাঁদের মূল লক্ষ্য।‘
বৈদিক’ ব্যান্ডের এই উদ্যোগ ইতিমধ্যে সনাতনী মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।