ভান্ডারিয়া উপজেলায় অস্ত্র ও গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
পিরোজপুরর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানকালে উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন নির্মাণাধীন রাস্তার সামনে থেকে আলীম খানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, তার বসতঘরের তোশকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সম্ভাব্য ব্যবহারের বিষয়ে তদন্ত চলছে।
ডিএমএন/