চট্টগ্রামের আনোয়ারায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আহত ৫ বছরের শিশু

Spread the love

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছে পরিবারের ৫ বছর বয়সী এক শিশু। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু পিয়াস বড়ুয়া (৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন বলে জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতরে গিয়ে প্রিয়ন্তী বড়ুয়ার মরদেহ দেখতে পান।

প্রতিবেশীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনি বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহতের স্বামী সুজন বড়ুয়া দাবি করেন, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান। তিনি আরও দাবি করেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া মৃত্যুর আগে তার স্ত্রী লিমন বড়ুয়ার নাম উল্লেখ করেছেন বলেও তিনি জানান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *