নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে দুই পক্ষের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এরই জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় আবারও সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই পক্ষের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ নিহত হন।
গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএমএন/