বানারীপাড়ায় সুভাষ শীলের জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

Spread the love

ডেস্ক রিপোর্ট | দেবালয় মিডিয়া নিউজ

বরিশালের বানারীপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুহাস চন্দ্র শীল (৬৫) বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির কপি।(ছবি: সংগৃহীত)

থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির কপি।(ছবি: সংগৃহীত)


জিডি সূত্রে জানা যায়, সুহাস চন্দ্র শীল বানারীপাড়া উপজেলার বড়চাউলাকাটি গ্রাম, ৪নং চাখার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তিনি জন্মসূত্রে মালিকানাধীন জুগির জমি, বড়ভিটা, বউরালি ভিটা ও বাঁশতলা জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে মৃত ইউনুস ফকিরের ছেলে সোহাগ ফকির ও তার মা স্থানীয় কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করে। তারা জমিতে মাটি ফেলে, কুপিয়ে ক্ষতিসাধন করে এবং বাড়ি নির্মাণের উদ্যোগ নেয়।
ভুক্তভোগী বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশসহ নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়। এ সময় ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতির হুমকিও দেওয়া হয়।
সুহাস চন্দ্র শীল জানান, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় তিনি ভবিষ্যতে আইনগত সুরক্ষা নিশ্চিত করতে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *