রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালী মন্দির সংলগ্ন পুকুরের নবনির্মিত ঘাট এলাকায় মাদক সেবন ও কথিত অসামাজিক কর্মকাণ্ড বন্ধে আইনগত ব্যবস্থা এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়ে শাহবাগ থানায় লিখিত আবেদন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সনাতনী সংগঠক ও মানবাধিকার কর্মী টিম্পল পাল নিশান শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ আবেদন করেন। আবেদনের একটি কপি শাহবাগ থানার ডিউটি অফিসারের কাছে গ্রহণ করা হয়েছে।
আবেদনে টিম্পল পাল নিশান উল্লেখ করেন, রমনা কালী মন্দিরের পুকুর সংলগ্ন নবনির্মিত বড় পুকুরঘাটে, মহাদেবের প্রতিমার বিপরীত পাশে, নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসছে বলে তিনি দেখতে পেয়েছেন। সেখানে গাঁজা ও অন্যান্য মাদক সেবনের পাশাপাশি গান-বাজনা ও আড্ডা দেওয়ার কারণে মন্দিরের ধর্মীয় পরিবেশ ও দর্শনার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
তিনি আবেদনে আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ও মুক্তমঞ্চ এলাকায় প্রশাসনের মাদকবিরোধী অভিযান পরিচালনার পর সেখানে এ ধরনের কর্মকাণ্ড অনেকটা কমে এলেও বর্তমানে রমনা কালী মন্দিরের পুকুরঘাট এলাকায় একই ধরনের কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে।
এতে মন্দিরের পবিত্রতা ও ধর্মীয় পরিবেশ রক্ষার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
টিম্পল পাল নিশান শাহবাগ থানা পুলিশের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে পুকুরঘাট এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ওই এলাকায় নিয়মিত পুলিশি নজরদারির ব্যবস্থারও অনুরোধ করেছেন তিনি।
আবেদনপত্রে তিনি বলেন, ধর্মীয় উপাসনালয়ের আশপাশের পরিবেশ সুরক্ষিত রাখা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
এ বিষয়ে শাহবাগ থানা কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটিই এখন দেখার বিষয়।