শ্রী রামের প্রতিকৃতি অবমাননার বিচার দাবি, প্রশাসনকে ৭ দিনের সময় টিম্পল পালের

Spread the love

গাইবান্ধার পলাশবাড়ীতে রাধাগোবিন্দ ও কালী মন্দিরকে কেন্দ্র করে আয়োজিত তৌহিদি জনতার আন্দোলনের সময় ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের ঘটনায় এখনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী টিম্পল পাল নিশান।

টিম্পল পাল নিশান জানান, ওই কর্মসূচিতে শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাটি তাকে এবং সনাতন ধর্মাবলম্বীদের গভীরভাবে আহত করেছে। বিষয়টি নিয়ে তিনি দেশের আইন ও প্রশাসনের প্রতি আস্থা রেখে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।

তার দাবি, অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগের কল রেকর্ডও রয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি তিনি নিজে পলাশবাড়ী থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেছেন বলেও জানান। এ সময় তিনি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।টিম্পল পাল বলেন, “আমি দেশ ও আইনের প্রতি শ্রদ্ধা রেখেই থানায় অভিযোগ করেছি। বারবার আশ্বাস দেওয়া হয়েছে। আশা করছি, সাত দিনের মধ্যে প্রশাসন ঘটনার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবে।”

তিনি বলেন, কোনো ধর্মের উপাস্য বা ধর্মীয় প্রতীকের অবমাননা হলে সেটিকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। ঘটনার ভিডিও ও অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে জড়িতদের শনাক্ত করার আহ্বান জানান তিনি।

সনাতনী সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন টিম্পল পাল। তার মতে, এমন ঘটনায় শুধু সাময়িক প্রতিবাদ নয়, বরং আইনগত প্রতিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, “শ্রী রামচন্দ্র আমার আরাধ্য। তাঁর প্রতিকৃতি অবমাননার ঘটনায় বিচার ও আইনগত ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি থামব না। প্রয়োজন হলে সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায় পর্যন্ত বিষয়টি নিয়ে যাব।”

পাশাপাশি পলাশবাড়ীতে রামমূর্তি পুনর্নির্মাণের দাবিও জানান তিনি। তার ভাষ্য, ধর্মীয় স্বাধীনতা ও উপাসনার অধিকার নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ও প্রতীকের নিরাপত্তায় প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন টিম্পল পাল নিশান।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *