চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামের পাদদেশে শ্রীশ্রী পাতাল কালী মন্দিরের অধীনস্থ হরগৌরী মন্দির থেকে দেবাদিদেব মহাদেবের ত্রিশূলসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির অভিযোগে নয়ন নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটক নয়নের বাড়ি কুতুবদিয়ায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরগৌরী মন্দির থেকে ত্রিশূলসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে ওই যুবক ইকোপার্ক এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় ইকোপার্কের স্টাফদের সন্দেহ হলে তারা নয়নকে থামিয়ে তল্লাশি করেন।
তল্লাশির সময় তার কাছ থেকে মন্দির থেকে চুরি হওয়া ত্রিশূলসহ বিভিন্ন পূজার সামগ্রী পাওয়া যায় বলে জানা গেছে। পরে তাকে আটক করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর মন্দির সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ধর্মীয় উপাসনালয় থেকে পূজার সামগ্রী চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
ডিএমএন/