বগুড়ার মোকামতলা উপজেলায় পরপর তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় স্থানীয়রা মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কানছগাড়ি মহাশ্মশানের শিব মন্দির, কানছগাড়ি শীতলা মন্দির এবং কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মোকামতলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।
কানছগাড়ি মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল জানান, প্রতি মাসের মতো শনিবার সকালে তার স্ত্রী পূজা দিতে মন্দিরে গেলে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদকে অবহিত করা হয়।
শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি জানার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস হোসেন বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ডিএমএন/