রাজধানীর হাজারীবাগ এলাকায় ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী সীমান্ত (২৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিষপানে আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন। তিনি হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।নিহতের চাচা রুহুল আমিন জানান, সীমান্ত ওই বাসায় থেকে পড়াশোনা করতেন। রুমমেটের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবার কিছু জানাতে পারেনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ডিএমএন/