আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। জ্ঞান, বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনার মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শাস্ত্রীয় বিধান অনুযায়ী, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা বসন পরিধান করে দেবী সরস্বতীর পূজা করা হয়। এই উপলক্ষে বাণী ও জ্ঞানের দেবীর আশীর্বাদ কামনায় বিশেষ আয়োজন করা হয়। সরস্বতী পূজার প্রধান উদ্দেশ্য হলো জ্ঞানার্জন ও বিদ্যার উৎকর্ষ সাধন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী সত্য ও ন্যায়বিচারের প্রতীক। তাঁর এক হাতে বীণা এবং অন্য হাতে বেদ থাকে—এই কারণেই তাঁকে ‘বীণাপাণি’ বলা হয়। প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পূজা উদযাপন করা হয়।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয় প্রাঙ্গণে, মন্দির, শাঁখারীবাজার ও রামনা কালী মন্দিরে চলছে উৎসবমুখর পরিবেশ।