নওগাঁর পত্নীতলা উপজেলার ১১ নম্বর শিহাড়া ইউনিয়নের শীতল গ্রামে বজ্রপাতে আশরাফুল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন কৃষক আহত হয়েছেন।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে আশরাফুল ও একই গ্রামের আরও পাঁচজন কৃষক গম কাটতে মাঠে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং আকাশে মেঘের গর্জন দেখা দেয়। কিছুক্ষণ পর বজ্রপাত হলে তিনজন কৃষক আহত হন। আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে আশরাফুলের মৃত্যু হয়। বাকি দুজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আশরাফুল ওই গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।শিহাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে ইউপির পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে।
ডিএমএন/