বান্দরবান শহরের মেঘলা এলাকায় পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রমেসিং মার্মা (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাদের বাড়ি বান্দরবান সদরের মেঘলা কানা পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে মা-মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তাদের স্বজনরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পাহাড়ের নিচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পাহাড়ের চূড়া থেকে পড়ে মারা যেতে পারেন। তবে কেউ ধাক্কা দিয়ে হত্যার ঘটনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মান্না দে, অতিরিক্ত পুলিশ সুপার জানান, মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডিএমএন/