জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে কনিস্ক মাঝি নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দুপুরে হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কনিস্ক মাঝি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ-এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (৫০তম আবর্তন) শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, সহপাঠীরা প্রথমে তাকে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা দ্রুত হল প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে প্রশাসন পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এখনই ঘটনার বিস্তারিত বলা সম্ভব নয়।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
ডিএমএন/