মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তারাপাশায় অবস্থিত শ্রীশ্রীবিষ্ণুপদ ধাম-এ ৪০ প্রহরব্যাপী ৪২তম বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান আগামী ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (১ মার্চ ২০২৬) রবিবার শুরু হবে। সাতদিনব্যাপী এ ধর্মীয় আয়োজন চলবে ২২ ফাল্গুন ১৪৩২ (৭ মার্চ ২০২৬) শনিবার পর্যন্ত।উৎসব উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, শাস্ত্রাচারবিহিত পূজা, পিণ্ডদান, পিতৃতর্পণ, শ্রীশ্রীগীতাযজ্ঞ, তারকব্রহ্ম নামসংকীর্তনসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রতিদিন ভোরে বিষ্ণুসূক্তম পাঠ ও উষাকীর্তনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। পাশাপাশি সকাল থেকে পিণ্ডদান ও পিতৃতর্পণ চলবে।বিশ্বশান্তিকল্পে শ্রীশ্রীগীতা হোমযজ্ঞে পৌরহিত্য করবেন শ্মশানকালী মাতৃসেবাশ্রম, পটিয়া, চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পরিতোষানন্দ গিরি মহারাজ। সন্ধ্যায় নামযজ্ঞের শুভ অধিবাস ও সংকীর্তন অনুষ্ঠিত হবে। ভারতের ত্রিপুরা থেকে আগত শ্রীযুক্ত সুখেন বৈদ্য বিশেষ পরিবেশনায় অংশ নেবেন।উল্লেখ্য, বিশ্বখ্যাত বৈষ্ণবাচার্য দার্শনিক ড. মহানামব্রত ব্রহ্মচারী ১৩৮৯ বঙ্গাব্দে তারাপাশায় অবস্থিত শ্রীবিষ্ণুর পদচিহ্ন দর্শন করে একে গয়াতীর্থসম বলে অভিহিত করেন। তাঁর ঘোষণার পর থেকে এ স্থানটি ভক্তদের কাছে বিশেষ তীর্থমহিমা লাভ করে।অনুষ্ঠানের অংশ হিসেবে ১৭ থেকে ২১ ফাল্গুন পর্যন্ত তারকব্রহ্ম নামযজ্ঞ এবং ২২ ফাল্গুন সকালে পূর্ণাহুতি, দধিভাণ্ড ভঞ্জন ও সমাপনী সংকীর্তন অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়া ১৯, ২০ ও ২১ ফাল্গুন শ্রীবিষ্ণুর মহাভোগ নিবেদন ও বিতরণ করা হবে।মহাভোগে অংশগ্রহণে আগ্রহী ভক্তদের নাম-গোত্রসহ ০১৭৫৯-০৩০৫৭১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমএন/