বাজি ফোটানোকে কেন্দ্র করে মারধর, মাদারীপুরে গৃহবধূর মৃত্যু

Spread the love

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে এক হিন্দু পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বনানী শিকদার (৩৫)। তিনি পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে গ্রামের কয়েকজন শিশু পটকাবাজি ফোটাচ্ছিল। এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বনানী শিকদারের সঙ্গে প্রতিবেশীদের কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে মন্টু শিকদার লাঠি দিয়ে বনানী শিকদারের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *