পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের হামলায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনা ঘটে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে।আহতরা হলেন—পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম ফকির (৫৫), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন (৩৮), একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) এবং নাইম হোসেন (২৮)।ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ডাকচিৎকার শুনে এগিয়ে গিয়ে আহতদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে পাঁচজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদের পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেন, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু এবং তার ছেলে ছাত্রলীগ নেতা রায়হান, যুবলীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে ৮–১০ জন মিলে তাদের উপর অতর্কিত হামলা চালায়।অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, ভ্যান ভাড়া সংক্রান্ত কথা কাটাকাটির সময় মারামারি ঘটে, যা থামাতে গিয়ে নিজেও আহত হয়েছেন। তিনি দাবি করেন, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।ওসি শামীম হাওলাদার জানান, আহতদের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমএন/