খুলনার পাইকগাছা উপজেলায় ভারতী মন্ডল নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) চিন্ময় মন্ডলের মা।
রোববার (১৫ মার্চ) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কে বা কারা ভারতী মন্ডলকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের একটি মাছের ঘেরে ফেলে রেখে যায়।
রোববার সকালে প্রতিবেশীরা বাড়িতে এসে তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমএন/