ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সনাতন ধর্মের আরাধ্য দেবী শ্রী শ্রী কালী মাতাকে নিয়ে উগ্রবাদী ফারাবীর কুরুচিপূর্ণ ও বিকৃত মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৮টায় সনাতনী শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবী শ্রী শ্রী কালী মাতাকে নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য কেবল ধর্মীয় অনুভূতিতেই আঘাত হানে না, বরং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হিসেবেও বিবেচিত হয়।
বক্তারা আরও বলেন, ধর্মীয় বিশ্বাস ও উপাস্য দেবদেবীদের নিয়ে অবমাননাকর মন্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তাই এ ধরনের উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্র ও প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সমাবেশ থেকে উগ্রবাদী ফারাবীর কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয় এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
ডিএমএন/