ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরে গলায় ফাঁস দিয়ে ইসরাত জাহান লাবণ্য (২৪) নামে এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত লাবণ্য সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ-এর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।জানা গেছে, লাবণ্য ওই বাসায় একা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার মালদিয়া গ্রামে। তিনি আবুল বাশার মোড়ল ও নুরজাহান বেগমের কন্যা।বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমান জানান, রাতে হঠাৎ লাবণ্যের কক্ষ থেকে মোবাইল ফোনের রিংটোন শোনা যায়। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সন্দেহ হলে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওড়না কেটে নিচে নামানো হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।পুলিশ জানায়, ঘটনার পেছনে পারিবারিক, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।স্থানীয়দের মতে, লাবণ্য শান্ত স্বভাবের ও পড়াশোনায় মনোযোগী ছিলেন। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে।
ডিএমএন/