বয়সকে হার মানিয়ে ৫২ বছর বয়সে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার শেফালী বেগম। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে সফলতা অর্জন করেছেন তিনি।
শেফালী বেগম উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্যও। ছোটবেলায় বাবাকে হারানোর পর পারিবারিক সংকটের কারণে বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। পরে সংসার ও সন্তানদের দায়িত্ব সামলাতে গিয়ে দীর্ঘদিন আর পড়াশোনার সুযোগ হয়নি।
তবে মনের মধ্যে থাকা শিক্ষার স্বপ্ন হারিয়ে যেতে দেননি শেফালী। দীর্ঘ বিরতির পর স্বামী ও সন্তানদের উৎসাহে আবারও পড়াশোনা শুরু করেন তিনি। ভর্তি হন গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজে।
নিয়মিত পড়াশোনা ও অধ্যবসায়ের মাধ্যমে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ অর্জন করেন।
শেফালী বেগম বলেন, ছোটবেলার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই নতুন করে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। এই ফলাফলকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি উল্লেখ করে স্বামী ও সন্তানদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক আব্দুল মান্নান বলেন, শেফালীর এই অর্জন প্রমাণ করে, শেখার আগ্রহ থাকলে বয়স কখনো বাধা হতে পারে না।
শেফালীর স্বামী মকছেদুল আলম ও পরিবারের সদস্যরা তার সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ৫২ বছর বয়সে এইচএসসি পাস করে শেফালী বেগম প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো পর্যায়েই স্বপ্ন পূরণ সম্ভব।