নেছারাবাদে নির্মল হালদার হত্যা: এক মাসেও রহস্য উদঘাটন হয়নি, গ্রেপ্তার নেই

Spread the love

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নির্মল হালদার ওরফে নির্মল ওজা (৬০) হত্যাকাণ্ডের এক মাস পার হলেও এখনো রহস্য উদঘাটন কিংবা ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১৮ মে রাতে নিখোঁজ হন নির্মল হালদার। পরদিন ১৯ মে সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নির্মল হালদার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা এবং বিপেন হালদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হলেও এক মাস অতিবাহিত হওয়ার পরও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এখনো কাউকে গ্রেপ্তার করা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। দীর্ঘ সময় পার হলেও হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত রহস্য উদঘাটন না হলে জনমনে নানা প্রশ্ন ও শঙ্কার সৃষ্টি হতে পারে।

নিহতের পরিবার প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, নির্মল হালদার হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *