বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৪৮) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে শহরের সেঞ্চুরি হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল চন্দ্র পাল হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নেন। পরদিন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা কক্ষের দরজায় সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে রহস্যজনক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে।
বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে একটি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএমএন/